সাড়ে চার হাজার বছরের মমি আবিষ্কার

মিশরে কায়রোর দক্ষিণ অঞ্চল থেকে শনিবার চার হাজার চারশো বছর পুরনো মমি আবিষ্কার করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা আশা করছেন আগামী কয়েক মাসে খননের ফলে পুরোপুরি সুরক্ষিত এমন আরও কিছু মমি পাওয়া যাবে। 

মিশর সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোস্তফা ওয়াজিরি সাংবাদিকদের জানান, একটি প্রাচীন কবরস্থান থেকে সম্পূর্ণ অক্ষত এই পুরাকীর্তি আবিষ্কার করা হয়। 

হায়ারোগ্লাফিক থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানান, মমিটিতে প্রাচীন মিশরের পঞ্চম রাজবংশের তৃতীয় রাজা নেফিরকরের কাকাইয়ের শাসন আমলের তারিখ লেখা রয়েছে। 

ওয়াজিরি বলেন, বৃহস্পতিবার প্রত্নতাত্ত্বিকরা কবরস্থানের শেষ স্তরটা সরিয়ে পাঁচটি সমাধি দেখতে পান। তার একটি খোলা এবং খালি ছিল। বাকি চারটি সমাধি সিলগালা করা ছিল। প্রত্নতাত্ত্বিকরা অন্তত একটি সমাধি খুঁজে পাবেন বলে আশাবাদী ছিলেন। 

একটি সিলগালা সমাধি দেখিয়ে ওয়াজিরি বলেন, ‘উদ্ধারকৃত মমিটি ১০ মিটার দৈর্ঘ্য, তিন মিটার প্রস্থ এবং তিন মিটার উঁচু। কবরের দেওয়ালে হায়ারোগ্লিফিক লেখা ও ফারাওদের মূর্তি দ্বারা সজ্জিত ছিল। কবরের ভেতর মমিটি নিখুঁতভাবে সংরক্ষিত ছিল। যা সত্যিই অনন্য। ভেবে আনন্দ লাগছে যে এই এলাকায় এমন অনেকগুলো সমাধি পাওয়া যাবে।’ 

সুপ্রিম কাউন্সিল সেক্রেটারি বলেন, কবরটি চার হাজার চারশো’ বছর পুরনো হলেও এর রঙ প্রায় অক্ষত। জানুয়ারি মাসে এখান থেকে আরও মমি উদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন ওয়াজিরি। 

সম্প্রতি মিশর আন্তর্জাতিক ভ্রমণপিপাসুদের দৃষ্টি আকর্ষণের জন্য ভ্রমণখাতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। নতুন নতুন মমি আবিষ্কার সেই কর্মসূচিরই অংশ।