জেসুস-স্টার্লিংয়ের নৈপুণ্যে শীর্ষস্থান উদ্ধার সিটির

জোড়া গোল করলেন গাব্রিয়েল জেসুস। জালের দেখা পেলেন সম্প্রতি বর্ণবাদের শিকার হওয়া রাহিম স্টার্লিং। তাদের নৈপুণ্যে এভারটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে ইপিএলের ম্যাচটিতে ৩-১ গোলের জয় পায় পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। অপর গোলটি ইংলিশ উইঙ্গার স্টার্লিয়ের। সবশেষ ম্যাচে চেলসির মাঠে ২-০ গোলে হেরে শীর্ষস্থান হারিয়েছিল তারা।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় সিটি। চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত দলটি। জালে বল জড়াতে এগিয়ে যাচ্ছিলেন বের্নারদো সিলভা। কিন্তু গাব্রিয়েল জেসুস অফসাইডে থাকায় চেষ্টা থামিয়ে দিতে হয় তাকে।

পঞ্চদশ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল এভারটন। ডি-বক্সের মাঝামাঝি থেকে নেওয়া রিশার্লিসনের শটটি চলে যায় গোলপোস্টে উপর দিয়ে।

আক্রমণে মাত্রা বাড়ায় সিটি। ২২তম মিনিটে দলকে এগিয়ে নেন জেসুস। লেরয় সানের রক্ষণচেরা পাসে য়ে ডি-বক্স থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন আক্রমণভাগের এই খেলোয়াড়। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে গুয়ার্দিওলার দল।

দ্বিতীয়ার্ধের খেলার পঞ্চম মিনিটে সানের ক্রস থেকে অসাধারণ এক হেডে দ্বিতীয় গোলের দেখা পান জেসুস। ম্যাচের ৬৫তম মিনিটে একটি গোল শোধ করে এভারটন। হেডে গোলটি করেন দলটির ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক ক্যালভার্ট-লেউইন।

ম্যাচের ৬৬তম মিনিটে সানের বদলি হিসেবে মাঠে নামানো হয় স্টার্লিংকে। চার মিনিটের মধ্যে সিটিকে এনে দেন তৃতীয় গোল। খুব কাছ থেকে নেওয়া হেডে জালে বল পাঠান আক্রমণভাগের এই খেলোয়াড়।

এই জয়ে লিভারপুলকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে গত আসরের চ্যাম্পিয়ন সিটি। ১৭ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৪৪। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লিভারপুলের পয়েন্ট ১৬ ম্যাচে ৪২।

দিনের অপর ম্যাচে নিজেদের মাঠে বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। তৃতীয় স্থানে থাকা দলটির পয়েন্ট ১৭ ম্যাচে ৩৯। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চেলসি আছে চতুর্থ স্থানে।