মেয়েকে দাদাবাড়ি রেখে এসে মায়ের ‘আত্মহত্যা’

মেয়েকে দাদার বাড়িতে রেখে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাতেমা আক্তার রুপা (২৫) নামের এক গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার রাত ৮টার দিকে ঈশ্বরদী শহরের এ কে সাদী রোডে ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। গৃহবধূ রুপা শহরের রেলগেট এলাকার ফল বিক্রেতা আজিজুল পাটোয়ারীর স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রায় সাত বছর আগে শহরের পশ্চিম টেংরী এলাকার ফিরোজ হোসেনের মেয়ে ফাতেমা আক্তার রুপার সঙ্গে বিয়ে হয় গোরস্থান এলাকার কাশেম পাটোয়ারীর ছেলে ফল বিক্রেতা আজিজুল পাটোয়ারীর। তাদের সংসারে জান্নাতি নামে ছয় বছরের এক মেয়ে রয়েছে।

এলাকাবাসী জানান, রোববার সকালে আজিজুল প্রতিদিনের মতো দোকানে চলে যান। বিকেলে রুপা তার মেয়েকে দাদার বাড়িতে রেখে আসেন। এরপর কোনো একসময় নিজ ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেন তিনি।

পরিবারের লোকজন বাড়িতে এসে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে রুপার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।