নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতের কাছ থেকে টাকা নিলেও নৌকা প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার ধানমণ্ডির সুধা সদন থেকে রাজশাহী, জয়পুরহাট, গাইবান্ধা ও নড়াইলে নিজ দল ও মহাজোটের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সুযোগও চান তিনি।
শেখ হাসিনা বলেছেন, ‘আমি জনগণের কাছে এটাই চাইÑ নৌকা মার্কায় ভোট দিন। আমরা যেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে পারি সে সুযোগটা চাই। তার জন্যই আমরা নৌকা মার্কায় ভোট চাই। আপনারা নৌকায় ভোট দেবেন আমরা আপনাদের উন্নয়ন দেব।’
ক্ষমতায় থাকতে বিএনপি-জামায়াত দুর্নীতি করে টাকার পাহাড় বানিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের কাছ থেকে অর্থ নিন, আর নৌকা মার্কায় ভোট দিন এটাই এখনকার স্লোগান।’ আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২০ সালে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করব এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অর্থাৎ ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত আমরা মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছি।’
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের চক্রান্ত অব্যাহত আছে। তাদের চক্রান্ত থেকে জনগণের ভোটের অধিকার রক্ষা করতে হবে। বিএনপি-জামায়াত ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। আবার অবৈধ টাকা দিয়ে ভোট কেনার ষড়যন্ত্র করছে।
আসন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নে বিএনপির ব্যাপক আর্থিক দুর্নীতি করেছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি আসনের বিপরীতে তিন-চারজন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এর সঙ্গে বিএনপি প্রচুর মনোনয়ন বাণিজ্য করেছে। অতীতে বিএনপি দুর্নীতি, মানি লন্ডারিং, অস্ত্র চোরাচালানের মাধ্যমে, এতিমের টাকা চুরির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে। এখন মনোনয়ন বাণিজ্যে অর্জিত টাকা নির্বাচনে ব্যয় করছে এবং এটাই তাদের চরিত্র।