নিজ দেশের নাগরিকদের ব্যক্তিগত কম্পিউটারে নিয়মিত নজরদারি চালাতে গত শুক্রবার গোয়েন্দা সংস্থাকে অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির আইবি, নারকোটিক কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স, সিবিআই, এনআইএ, র, ডাইরেক্টরেট অব সিগন্যাল ইন্টেলিজেন্স এই নজরদারি চালাতে পারবে বলে জানিয়েছে এনডিটিভি।
কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর জানান, ‘সামগ্রিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৯ সালে আইনটি তৈরি করা হয়েছিল প্রেসিডেন্ট মনমোহন সিংহের আমলে।’ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের তৈরি করা আইন অনুযায়ী ব্যবস্থা হয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো নাগরিকদের ব্যক্তিগত কম্পিউটারে নজরদারি চালাতে পারবে এই সংবাদে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দেশটির রাজনৈতিক মহলে। প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ভারতকে পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চাইছেন মোদি। এক বিলিয়ন মানুষের দেশকে তিনি নিজের মনোভাব বুঝিয়ে দেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্তী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জনসাধারণের কম্পিউটারে নজরদারি চালানো হবে, এ নিয়ে আমি বেশ চিন্তিত। দেশে কারো কি ব্যক্তিস্বাধীনতা বলে কিছু থাকবে না?’