কোরিয়ায় ‘লাল জমিন’

দক্ষিণ কোরিয়ার সিউলে আজ রবিবার, ২৩ ডিসেম্বর মঞ্চায়িত হবে বাংলাদেশের শূন্যন রেপার্টরি নাট্যদলের প্রযোজনা ‘লাল জমিন’। মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকটি লিখেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। কোরিয়া থেকে গতকাল শনিবার দুপুরে মোমেনা চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘বিজয়ের মাসে কোরিয়ার বাংলাদেশি দূতাবাসের আমন্ত্রণে নাটকটির বিশেষ মঞ্চায়ন হবে। সেখানে দূতাবাসের আমন্ত্রিতরা উপস্থিত থাকবেন। এদিন নাটকটির ১৮২তম প্রদর্শনী হবে। পরদিন ২৪ ডিসেম্বর ঢাকায় ফিরবে ‘লাল জমিন’ টিম। এরপর ২৬ ডিসেম্বর কলকাতায় নাটকটির আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।’  মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লাল জমিন’ মঞ্চে আসে ২০১১ সালের ১৯ জুলাই। বাংলাদেশ, ভারত, লন্ডন, যুক্তরাষ্ট্রে নাটকটির প্রদর্শনী হয়েছে। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন জেলা ও উপজেলায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনকে তুলে ধরা হয়েছে এই নাটকে।