কলাপাড়ায় নৌকার কার্যালয় ভাঙচুর, আহত ১০

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুরে আওয়ামী লীগের প্রার্থী মহিব্বুর রহমানের প্রচার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতের এ ঘটনায় আহত হয় অন্তত ১০ জন।

হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দলীয় নেতাকর্মী বলে দাবি করেছেন বিএনপির স্থানীয় এক নেতা।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের প্রার্থীর কার্যালয়ে হামলার রাতেই নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাসির হাওলাদার বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন মিলন মৃধা, হাসান আকন, কাদের খান, মোকসেদ হাওলাদার ও মাসুম খান।

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহিদ মাতুব্বর জানান, মামলার সব আসামিই বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। নির্বাচন সামনে রেখে এলাকাকে বিএনপির নেতাকর্মীশূন্য করতে আওয়ামী লীগই এ ঘটনা ঘটিয়ে মামলা করেছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহমদ বলেন, ‘রাতেই হামলার খবর শুনে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’