ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালিতে সুনামির ঢেউয়ের আঘাতে একটি রক গানের কনসার্টের মঞ্চ ভেসে গিয়েছে। এক সংগীতশিল্পীর মৃত্যু ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ঢেউ আঘাত হানার সময় কনসার্ট চলছিল। সুনামির আঘাতের ভয়াবহতা ধরা পড়েছে একটি ভিডিও ফুটেজে।
আলজাজিরা জানিয়েছে, গত শনিবার স্থানীয় একটি লোকাল রক ব্যান্ডের গান উপভোগ করছিলেন দর্শকরা। এর মধ্যেই সুনামির স্রোত ধেয়ে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ভাসিয়ে নিয়ে যায় পানির স্রোত। আকস্মিক জলস্রোতে ১৭ জন নিখোঁজ হয়েছেন।
আনাক ক্রাকাটাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সাগরের তলদেশে ভূমিধসের কারণে এই সুনামি সৃষ্টি হয়েছে। জোয়ারের কারণে ঢেউয়ের উচ্চতা অস্বাভাবিক বেশি ছিল। ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) জানায়, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি। ভূ-গর্ভস্থ ভূমিধসের কারণে হয়েছে। লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাব থেকে এ ভূমিধসের উৎপত্তি হয়েছে।