চুয়াডাঙ্গায় সহকারী পুলিশ সুপার আবু রাসেলের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলা চালিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়ে আটক হয়েছে টিটু নামে এক যুবক।
রোববার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের সামনে এ বোমা হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যায় চুয়াডাঙ্গার উথলীতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার স্থান পরিদর্শন শেষে চুয়াডাঙ্গায় ফিরছিলেন সহকারী পুলিশ সুপার আবু রাসেলসহ চার কনস্টেবল।
সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান, রাত ৯টার দিকে ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুজন আমার গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। নিক্ষিপ্ত বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গাড়ির ডান দিকের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ হামলাকারীদের ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হয়, টিটু নামে এক যুবক। পরে তাকে আটক করা হয়। আটক টিটু দামুড়হুদা দর্শনা ইসলাম বাজারের মৃত মোজাহিদ আলীর ছেলে।
রাতেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম তাৎক্ষণিক এক প্রেস বিফ্রিং এ সাংবাদিকদের জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িতে হামলা চালিয়ে বড় ধরনের অঘটন ঘটানোর পরিকল্পনা ছিলো হামলাকারীদের। তবে অল্পের জন্য পুলিশের সবাই প্রাণে রক্ষা পেয়েছেন।
এদিকে, হামলাকারী যুবক টিটুকে উদ্ধার করে রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আওলিয়ার রহমান জানান, গুলিতে তার ডান পা ক্ষতবিক্ষত হয়েছে। এছাড়া তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকাতে রেফার্ড করা হয়েছে।