রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি রয়েছেন টেলি সামাদ। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনপ্রিয় অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে। দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলী।
বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ টেলি সামাদ। ১৯ ডিসেম্বর অবস্থার অবনতি হলে বিএসএমএমইউ’তে ভর্তি করা হয়। সেখানে হেমাটোলজি বিভাগের অধ্যাপক আবদুল আজিজের চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
অভিনেতার মেয়ে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি জানতে চেয়েছেন বাবার শারীরিক অবস্থা সম্পর্কে। আমরা তাদেরকে অবস্থা জানিয়েছি। এরপর হাসপাতালের ডাক্তারের সঙ্গে কথা বলেও চিকিৎসার খোঁজ নিয়েছেন।”
কাকলী আরও বলেন, “প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের বলা হয়েছে- কোনো প্রয়োজন হলে যেন তাদের জানাই। উন্নত চিকিৎসার দরকার হলেও তারা সহযোগিতা করবেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে কোনো আবেদন করিনি। তিনি নিজ থেকেই খোঁজ নিয়েছেন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।”
টেলি সামাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বলেন, “বাবার শারীরিক অবস্থা ভালো নাকি মন্দ বোঝা যাচ্ছে না। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আমাদের জানিয়েছেন তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খোঁজ নেওয়ার পর ডাক্তারেরা আরও গুরুত্ব দিয়ে দেখছেন। আগেও তারা আন্তরিকভাবে চিকিৎসা করেছেন, এখন আরও বেশি গুরুত্ব দিচ্ছেন।”
৪ ডিসেম্বর টেলি সামাদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৯ ডিসেম্বর বিএসএমএমইউ’তে স্থানান্তর করা হয়। অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়।
১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন টেলি সামাদ।। এরপর আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমণি’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। ৪০ বছরেরও বেশি সময়ে ছয় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি টেলিভিশনে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। ১৯৪৫ সালের ৮ জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন টেলি সামাদ।