প্রিয় ব্যান্ডের কনসার্টের টিকিট পেতে কত কিছুই না করেন অনুরাগীরা। তবে তাইওয়ানের বিটিএস অনুরাগীরা এবার ভরসা রাখলেন প্রেম দেবতার আশীর্বাদের ওপর। দক্ষিণ তাইওয়ানের কাওশিয়ুং শহরে বিটিএসের আসন্ন কনসার্টের টিকিট পাওয়ার আশায় শতাব্দী প্রাচীন একটি তাওবাদী মন্দিরে গিয়ে প্রার্থনা করলেন তরুণীরা।
সম্প্রতি তাইপেইয়ের ঐতিহ্যবাহী ব্যাংকা লংশান মন্দিরে থেকেই ভিড় জমাতে শুরু করেন কেপপ অনুরাগীরা। তাদের অধিকাংশই ছিলেন বিটিএসের ভক্ত। মন্দিরে প্রেম ও বিবাহের দেবতা ইউয়ে লাওয়ের উদ্দেশে বিশেষ প্রার্থনা করেন তারা।
অনুরাগীদের বিশ্বাস, ইউয়ে লাও মানুষের ভাগ্যকে লাল সুতোয় বেঁধে দেন। সেই বিশ্বাস থেকেই তাদের আশা, দেবতার আশীর্বাদে কনসার্টের কাঙ্ক্ষিত টিকিটও মিলতে পারে। প্রার্থনার সময় ভক্তরা বেগুনি রঙের মোড়কে মোড়া খাবার, বিটিএসের স্মারকসামগ্রী, কনসার্টের আসন বিন্যাসের মানচিত্র এবং নিজেদের ইচ্ছার তালিকা মন্দিরে অর্পন করেন।
মন্দিরের চেয়ারম্যান লিন পেই-হুওও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার পরামর্শ, প্রার্থনার সময় নিজের প্রিয় শিল্পীর সম্পর্কে বিস্তারিত জানালে ইচ্ছাপূরণের সম্ভাবনা আরও বাড়ে।
চার বছরের বিরতির পর বিটিএস আবার বিশ্ব সফরে ফিরছে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে সদস্যদের প্রত্যাবর্তন ঘিরে বিশ্বজুড়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
