আধুনিক গানের প্রখ্যাত শিল্পী এন্ড্রু কিশোর। প্লেব্যাক কিংও বলা হয় তাকে। দীর্ঘ ক্যারিয়ারে এখনো সমান জনপ্রিয় তিনি। গান তাকে কোনোদিন ক্লান্ত করেনি। আজও গানের ভুবনেই তার অবাধ বিচরণ। গুণী এই শিল্পীকে নিয়ে তাই ভক্তের আগ্রহের কোনো কমতি নেই। কিন্তু তিনি নিজেকে তারকা ভাবেন না। সাদামাটা জীবনযাপনই তাকে সবার থেকে আলাদা করে। আজ তার ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন। কিন্তু বিশেষ এই দিনটিও তিনি খুব সাদামাটাভাবে পালন করবেন। এন্ড্রু কিশোর বলেন, ‘আমার কাছে প্রতিদিনই একই রকম। জন্মদিন, বিয়ে বার্ষিকী, বড়দিন, ঈদ সব দিনের গুরুত্বই একই রকম। তাই আমার তরফ থেকে বড়দিন নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই। শুধুমাত্র বাসার পাশে মিরপুরের চার্চে যাব একবার। তবে পরিবারের সবার মধ্যে বড়দিনের আনন্দ বিরাজ করছে। তাদের হাসিমুখ খুব ভালো লাগছে।’