নায়ক ফারুকের মনোনয়ন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আগামী রোববার অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে মহাজোটের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ফারুকের মনোনয়নপত্র বাতিল চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেয়।

ফারুকের মনোনয়নপত্র বাতিল চেয়ে একই আসনে ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ এ রিট আবেদনটি করেছিলেন।  আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও পার্থ।

পরে আহসানুল করিম সাংবাদিকদের বলেন, আদালত বলেছে, ঋণখেলাপির কারণে নির্বাচনের পরও প্রার্থীর মনোনয়নপত্র চ্যালেঞ্জ করে রিট দায়েরের সুযোগ রয়েছে।  রিটে সে বিষয়টিকে সামনে আনা হয়েছিল।

রাজধানীর গুলশান, বনানী, সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ফারুক। পার্থ ছাড়াও তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।