সম্প্রতি দুই পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভারত। তাদের একজন একুশ বছরের আবদুল্লাহ। তিনি বলিউড তারকা শাহরুখ খানকে দেখতে ভারতে এসেছিলেন বলে জানান। কিন্তু কিং খানের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য তার হয়নি। তবে জানালেন, প্রিয় নায়ককে দেখতে আবারও আসবেন।
এনডিটিভি জানায়, ২০১৭ সালে আবদুল্লাহ ওয়াঘা সীমান্তের কাছে আত্তারিতে রক্ষীদের হাতে ধরা পড়েন। প্রায় দেড় বছর পর ওই সীমান্ত দিয়ে তাকে পাকিস্তানে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়।
জরুরি ভিত্তিতে দেশে ফেরা প্রয়োজন- আবদুল্লাহর জন্য এমন সনদ ব্যবস্থা করে দেয় দিল্লিতে অবস্থিত পাকিস্তানের দূতাবাস।
আবদুল্লাহ জানান, ওয়াঘা সীমান্তে দুই দেশের সেনাদের যৌথ টহল দেখতে আসেন। ওই সময়ই জিরো লাইন হয়ে শাহরুখকে দেখতে চলে আসেন ভারতে।
ধরা পড়ার পর সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে জানান, শাহরুখকে সামনে থেকে দেখা তার ছোটবেলার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতেই সীমান্ত পাড়ি দিয়েছেন। দেশে ফেরার সময় বলে যান, শাহরুখকে দেখতে আবার তিনি আসবেন।
অবশ্য এ পাকিস্তানি ভক্তের খবর শাহরুখের কানে পৌঁছেছে কিনা জানা যায়নি। সর্বশেষ সিনেমা ‘জিরো’র ভরাডুবি নিয়ে খারাপ সময় যাচ্ছে এ নায়কের। সিনেমাটিতে তার সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। পরিচালনা করেছেন আনন্দ এল রাই।