আখ মাড়াই শুরু

পাবনা সুগার মিলে চলতি মৌসুমের আখ মাড়াই গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। ঈশ্বরদীর দাশুড়িয়ায় অবস্থিত দেশের অন্যতম এই চিনিকলে এবার ৫০ হাজার টন আখ সরবরাহ করা হবে। তা থেকে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৬২৫ টন।

আখ মাড়াই উদ্বোধন উপলক্ষে সকালে মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. বকুল সরদার। মিলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুস সাত্তার, আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজাহান আলী বাদশা, আমজাদ হোসেন মালিথা, ইব্রাহীম হোসেন প্রমুখ।

মিলের অর্থ বিভাগ থেকে জানা যায়, গত ২৩ বছরে এখানে ৩৯৩ কোটি টাকা লোকসান হয়েছে; শেষ বছরে এর পরিমাণ ছিল ৪৮ কোটি টাকা।

মিলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী বলেন, আখ স্বল্পতার কারণে প্রতিবছর লোকসান দিতে হচ্ছে। দাম কম হওয়ায় কৃষক আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আখের দাম বাড়িয়ে চাষিদের উদ্বুদ্ধ করতে হবে।