পটুয়াখালী-৪

ভোটারদের কাছে টানছেন প্রার্থীরা

শেষমুহূর্তের প্রচারে ব্যস্ত পটুয়াখালী-৪ আসনের প্রার্থী ও সমর্থকরা। মাইকিং, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, পথসভা এমনকি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে দেখা গেছে তাদের। নির্বাচনী এলাকার সর্বত্র ছেয়ে আছে পোস্টার, ফেস্টুন আর ব্যানারে।

সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ভোটাদের নিজেদের দিকে টানছেন নৌকা প্রতীকের প্রার্থীসহ নেতাকর্মীরা। অপরদিকে সরকারের বিগত বছরের নির্যাতন ও নিপীড়ন, মামলা-হামলার চিত্র তুলে ধরে ভোট সংগ্রহে ব্যস্ত ধানের শীষের প্রার্থী ও সমর্থকরা। শেষ দিকে সীমিত পরিসরে প্রচার চালাতে দেখা গেছে অন্য প্রার্থীদেরও।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মহিব্বুর রহমান মহিব, ধানের শীষ প্রতীক নিয়ে এ বি এম মোশাররফ হোসেন, হাতপাখায় হাবিবুর রহমান, মই প্রতীকে জহিরুল ইসলাম সবুজ ও মিনার মার্কায় আবদুর রহমান। এ ছাড়া জাতীয় পার্টির আনোয়ার হাওলাদার নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান দেশ রূপান্তরকে জানান, নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। আশা করি, সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে। কলাপাড়া উপজেলার দুটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং রাঙ্গাবালী উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার দুই লাখ ৪৯ হাজার ৪৬ জন।