বলিউড সুলতানের ৫৩তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। প্রতিবছরই সালমান খান এই বিশেষ দিনটি উদযাপন করেন পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গে। সেই পার্টির আয়োজন করা হয় তার বিলাসবহুল ফার্মহাউজ পানভেলেতে। ভাইজানের জন্মদিনের পার্টিতে বলিউডের অনেক চেনা মুখ দেখা গেলেও এবার আমির খান ও শাহরুখ খান উপস্থিত ছিলেন না।
ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, সুস্মিতা সেন, কৃতি শ্যাননসহ বলিউডের অনেক সুপারস্টার সালমানের জন্মদিনের পার্টিতে হাজির হন।
শাহরুখ ও আমির দুজনই কাজের ব্যস্ততার কারণে বন্ধুর জন্মদিনে হাজির হতে পারেননি বলে জানা গেছে।
পিঙ্কভিলার খবর অনুযায়ী, আমির খান তার ছবির প্রচারণার জন্য এই মুহূর্তে চীনে অবস্থান করছেন।
তবে, ব্যস্ততার মাঝেও বন্ধু সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি। টুইটারে তিনি ঠিকই সল্লুকে শুভেচ্ছা বার্তা লেখেন।
আর শাহরুখ খান তার ‘জিরো’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন। একটি টকশোতে অংশগ্রহণ করার জন্য ছবিটির পরিচালক আনন্দ এল রায়ের সঙ্গে পাটনায় গেছেন তিনি।