বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর ঋণখেলাপি তালিকাভুক্ত হওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল আলমের প্রার্থিতা স্থগিত করার দাবি জানিয়েছে সংবাদ সম্মেলন করা হয়েছে।
ওই আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রতিনিধি শাহরিয়ার হোসেন চৌধুরী শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এ দাবি জানান।
শাহরিয়ার হোসেন চৌধুরী অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে রিটার্নিং অফিসারের কাছে প্রেরিত তথ্য অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম কুমিরা শিপ ব্রেকার্স লি. এর পরিচালক হিসেবে এসআইবিএল আগ্রাবাদ শাখার একজন ঋণখেলাপি। তা সত্ত্বেও রিটার্নিং অফিসারের পক্ষপাতের কারণে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বর্তমানে কারাবন্দী মো. আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করেও মনোনয়ন ফিরে পেতে ব্যর্থ হয়ে তার পক্ষে উচ্চ আদালতে আপিল দায়ের করা হয়। গত ১৩ ডিসেম্বর উচ্চ আদালত তার প্রার্থিতা বৈধ ঘোষণা করলে নির্বাচন কমিশন আপিল বিভাগে আপিল দায়ের করেন।
গত ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচন কমিশনের আপিল খারিজ করে দিয়ে উচ্চ আদালতের আদেশ বহাল রাখেন।
শাহরিয়ার হোসেন বলেন, ‘সুপ্রিম কোর্ট আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখলেও এখন পর্যন্ত রিটার্নিং অফিসার তার প্রার্থিতার বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করছে না। তাই এখনো সীতাকুণ্ডে ধানের শীষের প্রার্থী কে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।