বগুড়ায় ফাঙ্গাসযুক্ত দই বিক্রি, এক প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৬:১৪ পিএম

বগুড়া শহরের সাতমাথা এলাকায় ফাঙ্গাসযুক্ত দই বিক্রির অভিযোগে ‘শেরপুর দই ঘর’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান দল। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ অভিযান চালানো হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, বিক্রির উদ্দেশ্যে ফাঙ্গাসযুক্ত দই সংরক্ষণ করে রাখা হয়েছে।

অভিযোগের সত্যতা পাওয়ার পাশাপাশি উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সংবলিত ট্যাগ পরিবর্তনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার প্রমাণও পাওয়া যায়। অভিযান চলাকালে বিভিন্ন ফাঙ্গাসযুক্ত দইয়ের সরা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। পরে এসব অপরাধের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় সাতমাথা এলাকার বিভিন্ন দই বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন সম্পর্কে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া। সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস টিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত