সেঞ্চুরি হাঁকিয়েছেন টম ল্যাথাম ও হেনরি নিকোলস। ঝড় তুলেছেন কলিন ডি গ্র্যান্ডহোম। রান পেয়েছেন অন্যরাও। দারুণ ব্যাটিং দৃঢ়তায় শ্রীলঙ্কার বিপক্ষে বক্সিং-ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড।
শুক্রবার ৪ উইকেটে ৫৮৫ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জয়ের জন্য ৬৬০ রানের জবাবে ২ উইকেটে ২৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। উইকেট দুটি নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউথি। দিনেশ চান্দিমাল ১৪ ও কুশল মেন্ডিস ৬ রানে অপরাজিত আছেন।
হ্যাগলি ওভালে ২ উইকেটে ২৩১ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। বেশিক্ষণ টিকেননি আগের দিন ২৫ রানে অপরাজিত থাকা রস টেইলর। ব্যাক্তিগত ৪০ রানে পেসার লাহিরু কুমারের বলে এলবিডব্লিউ হন অভিজ্ঞ এই ব্যাটার। কিউইদের রান তখন ৩ উইকেটে ২৪৭।
চতুর্থ উইকেটে ২১৪ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ছন্দে থাকা ল্যাথাম ও নিকোলস। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানো ল্যাথাম এবারও ডাবলের আশা জাগিয়েছিলেন। দলীয় ৪৬১ রানে বাঁহাতি এই ওপেনারকে থামান দুশমন্থ চামিরা।
কট বিহাইন্ড হয়ে ফেরার আগে ৭৪ রান নিয়ে দিন শুরু করা ল্যাথামের ব্যাক্তিগত সংগ্রহ দাঁড়ায় ১৭৬। তার ৩৭০ বলের ইনিংসটিতে ছিল ১৭টি চার ও একটি ছক্কার মার।
দুই ম্যাচের টেস্ট সিরিজে চার ইনিংসে মোট ৮৮৯ বল খেললেন ল্যাথাম। দুই ম্যাচের টেস্ট সিরিজে তার চেয়ে বেশি বল খেলা ব্যাটসম্যান আছেন দুইজন- দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা (১০৩৩) ও জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার (১০২১)।
শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন ডি গ্র্যান্ডহোম। হেনরি নিকোলসের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে এই অলরাউন্ডার যোগ করেন ১২৪ রান। মাত্র ২৮ বলে ফিফটি করেন ডি গ্র্যান্ডহোম; নিউজিল্যান্ডের হয়ে কোনো ব্যাটসম্যানের এটাই দ্রুততম অর্ধশতক। ৪৫ বলে ৬ চার ও দু্ ছক্কায় ৭১ রান নিয়ে অপরাজিত থাকেন ডি গ্র্যান্ডহোম।
আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন নিকোলস। ২২৫ বলে তার ১৬২ রানের ইনিংসটিতে রয়েছে ১৬টি চারের মার।
লঙ্কান বোলারদের মধ্যে কুমারা দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন চামিরা ও দিলরুয়ান পেরেরা।
হার এড়াতে শ্রীলঙ্কাকে করতে হবে আরও ৬৩৬ রান। হাতে আছে ৮ উইকেট। কিন্তু টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি তাড়ার করে জয়ের নজির নেই।
তাই বলা যায় ক্রাইস্টচার্চ টেস্টের ফলটা নিউজিল্যান্ডের দিকেই ঝুলে আছে। এতে জয় পেলে প্রথমবারের মতো টানা চারটি টেস্ট সিরিজ জিতবে ব্ল্যাক ক্যাপসরা। গত এক বছরে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ড্র করায় এই সিরিজটিও নিজেদের করে নেওয়ার পথে এগিয়ে নিউজিল্যান্ড।