তিন দিনেই পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

আগের দিনই সহজ জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন বোলাররা। তৃতীয় দিন সকালে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হলো না অবশ্য। তবে ডিন এলগার ও হাশিম আমলা হাঁকালেন অর্ধশতক। তাতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্ট পৌনে তিন দিনেই নিজেদের করে নিল প্রোটিয়ারা।

সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ৬ উইকেটে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে স্বাগতিক দল। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল দলটি।

নিজেদের প্রথম ইনিংসে ১৮১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বিপরীতে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ২২৩ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ১৯০ রানে থামে পাকিস্তান। প্রোটিয়াদের সামনে তাই ১৪৯ রানের লক্ষ্য দাঁড়ায়।

আগের দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যাওয়ার পর পরই দিনের খেলা শেষ হয়। দক্ষিণ আফ্রিকা এ দিন সকালে লক্ষ্য তাড়া করতে নামে। কিন্তু স্কোর বোর্ডে কোনো রান যোগ না হতেই দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ফিরে যান ওপেনার মারকরাম। হাসান আলির বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি।

কিন্তু আরেক ওপেনার ডিন এলগার ও তিন নম্বরে নামা হাশিম আমলা পাকিস্তানি বোলারদের সামলান দুর্দান্তভাবে। দ্বিতীয় ইনিংসে দুজনের ১১৯ রানের জুটি প্রোটিয়াদের জয়ের দুয়ারে নিয়ে যায়।

আমলা তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৪০তম অর্ধশতক। এলগার পান ১৩তম অর্ধশতক। তবে ফিফটি তুলে নেওয়ার পরের বলেই শান মাসুদের শিকার হয়ে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এলগার যখন ফিরলেন প্রোটিয়াদের জয়ের জন্য তখন দরকার মাত্র ৩০ রান। কিন্তু সেই রান করতে আরো দুই উইকেট হারায় দলটি। ব্যক্তিগত ১০ রান করে তিউনিস ডি ব্রুইন ফেরেন ইয়াসির শাহর বলে। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি শাহিন শাহ আফ্রিদির শিকার হন রানের খাতা খোলার আগেই।

তেম্বা বাভুমাকে নিয়ে জয়ের বাকি কাজটা সারেন আমলা। ১৪৮ বলে ১১ চারে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেন আমলা। ১৩ রানে অপরাজিত ছিলেন বাভুমা। জয়সূচক রান এসেছে তার ব্যাটেই। ইয়াসির শাহর বলে চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তিনি।

প্রোটিয়াদের পক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন ডুয়ানে অলিভিয়ের। ম্যাচে ১১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।

কেপ টাউনে দুই দলের সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩ জানুয়ারি।