ফেনীর ৩ আসনে পুনর্নির্বাচন দাবি

ফেনীর তিনটি আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থীরা। গতকাল রবিববার পৃথক স্থানে সংবাদ সম্মেলনে এ দাবি করেন ফেনী-১ আসনের রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি) ও ফেনী-৩ আসনের আকবর হোসেন।
ভোটের দিন সকালে নির্বাচনী এলাকা ছাগলনাইয়া ও বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু। তিনি বলেন, ছাগলনাইয়ার পূর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মহাজোট প্রার্থী ও জাসদ নেত্রী শিরীন আখতারের কেন্দ্র। এ কেন্দ্রে প্রথম দেড় ঘণ্টায় প্রতি বুথে ২৯৫টি ভোট দেওয়া হয়েছে। যেটা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। মজনু বলেন, ‘আমি নির্বাচনী এলাকার অনেক কেন্দ্র পরিদর্শন করেছি। কোনো কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট নেই। সকালে কেন্দ্রে গেলে তাদের বের করে দেওয়া হয়েছে। রাতেই ভোটবাক্স পূর্ণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এ আসনে পুনর্নির্বাচনের দাবি জানান। দুপরে কারচুপি, নেতাকর্মীদের মারধর ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দিয়ে ভোট ডাকাতির অভিযোগ করেছেন ফেনী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)। শহরের ফলেশ্বর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, ভোটে ব্যাপক কারচুপি হচ্ছে। ভোটকেন্দ্রে ধানের শীষের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘এসব বিষয়ে আমি নির্বাচন কমিশন, অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাইনি।’