একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সন্তোষজনক ছিল বলে জানিয়েছে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)। গতকাল রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক ব্রিফিংয়ে ওআইসি পর্যবেক্ষক প্রতিনিধিদলের সদস্যরা এ কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ওআইসির একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। নির্বাচন শেষে রবিবার সন্ধ্যায় ওআইসির প্রতিনিধিদলের নেতা ও সংস্থাটির সহকারী মহাসচিব হামেদ এ ওপেলোরু সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় নির্বাচন পর্যবেক্ষণ করেছি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও পরিচ্ছন্ন ছিল।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে ভোটারদের সংখ্যা দেখতে হবে। যেখানে কোটি কোটি ভোটার, সেখানে নিহতের সংখ্যা খুবই সামান্য বলে জানান তিনি।