নবজাতককে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মাশরাফী

নির্বাচনী দায়িত্ব পালনের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশ কর্মকর্তার নবজাতক কন্যাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নড়াইল-২ আসনের সদ্য নির্বাচিত এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

সোমবার রাত ৮টার দিকে তিনি হাসপাতালে গিয়ে প্রয়াত পুলিশ সদস্যের স্ত্রী এবং সদ্য কন্যাশিশুর জন্ম দেওয়া রাবেয়া বেগমের খোঁজখবর নেন। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে মাশরাফীর নির্বাচনী প্রচারণাকালে ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মিন্টু হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময়ে মাশরাফি তার প্রচার-প্রচারণা স্থগিত করে হাসপাতালে ছুটে যান এবং কান্নায় ভেঙে পড়েন।

প্রয়াত পুলিশ সদস্যের স্ত্রী রাবেয়া বেগমের সিজারের তারিখ ছিল ২৯ ডিসেম্বর। সিজারের দিন মাশরাফি ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারলেও তার স্ত্রী সুমনা হক সুমি রাবেয়া বেগমকে দেখতে যান এবং ১ লাখ টাকা সহযোগিতা প্রদান করেন। এছাড়া জেলা প্রশাসক ১০ হাজার টাকা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ৭০ হাজার টাকার সহযোগিতা প্রদান করেন।

মাশরাফী নির্বাচনের কারণে ৩০ ডিসেম্বর হাসপাতালে যেতে না পারলেও তার পরদিন রাতেই হাসপাতালে ছুটে যান। এ সময় প্রয়াত মনিরুজ্জামান মিন্টুর স্ত্রীকে ধৈর্য ধারণের অনুরোধ জানান।

এদিকে মাশরাফী দেখতে যাওয়ায় পুলিশের পক্ষ থেকে এবং মিন্টুর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।