কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হলেন মতলবের আশরাফুর রহমান

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের মতলবের কৃতি সন্তান আশরাফুর রহমান বাবু।

আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। 


 
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে মতলবের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবুকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক করা হয়েছে। এ খবরে মতলবসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনে আশরাফুর রহমান বাবু একাধিকবার মামলা, গ্রেপ্তার, কারাবরণ এবং নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি নেতাকর্মীদের কাছে পরিচিত ও আলোচিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।

নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আস্থাভাজন নেতাদের একজন হিসেবেও বিভিন্ন সময়ে তার নাম আলোচনায় এসেছে।

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন, আশরাফুর রহমান বাবু কেন্দ্রীয় যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত