বিভাগীয় শহরে বই উৎসব

বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আনন্দিত শিশুরা, আনন্দ ছড়ায় অভিভাবকদের মাঝেও। গতকাল মঙ্গলবার বই উৎসবের আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে বিভাগীয় শহরগুলোতেও। বিনা মূল্যে বই পেয়ে শিশুদের এই আনন্দের খবর জানাচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিবেদকরা :

চট্টগ্রাম : নতুন বইয়ের মলাটে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নওশীন তাবাসসুমের কাছে প্রশ্ন ছিল, বই পেয়ে কেমন লাগছে? তাৎক্ষণিক তার উত্তর, ‘নতুন বইয়ের ঘ্রাণই পড়ার আগ্রহ বাড়িয়ে দিল। আগামী তিনদিন শুধু পাঠ্যবইয়ের গল্প পড়ব।’ আরেক শিক্ষার্থী তাসফিয়া বলে, ‘নতুন বইয়ে আনন্দের চেয়ে আবেগ বেশি। আমার পরিবারে আমরা তিনজন হাইস্কুলে পড়ালেখা করছি। স্কুলে ভর্তি, টিউশন ফি, ব্যাগসহ সব খরচের অর্থ মেটাতে বাবার খুব কষ্ট হয়। বিনা মূল্যে বই পাওয়ার ফলে প্রতিবছর এই অর্থ সাশ্রয় হয়।’

চট্টগ্রামে সব বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসব, ২০১৯-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। মাধ্যমিক জেলা শিক্ষা অফিস জানায়, মহানগরের মাধ্যমিক পর্যায়ে মোট ১১ লাখ ৭০ হাজার ৮৪৮ শিক্ষার্থীর হাতে একযোগে বিতরণের জন্য এক কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৮৮১টি বই পৌঁছেছে। জেলায় প্রাথমিক পর্যায়ে মোট ৪৮ লাখ ৪৯ হাজার ৯৪৪টি বই ১০ লাখ ১৬ হাজার ২১৭ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা।

সিলেট : বছরের প্রথম দিনেই সিলেট জেলায় নতুন বই পেয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে সাড়ে ২৫ লাখেরও বেশি বই। জেলার সব স্কুলে আনন্দ-উৎসবে হয়েছে বই বিতরণ। মঙ্গলবার সকালে সিলেট সরকারি কিন্ডারগার্টেন স্কুলে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, এ বছর জেলায় এক হাজার ৪৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট দুই হাজার ৬৬০টি বিদ্যালয়ে বাংলা ভার্সনের পাঁচ লাখ ৩২ হাজার ৪৩ শিক্ষার্থী বই পাচ্ছে। এ ছাড়া ইংরেজি ভার্সনের ছয় হাজার ২৬৭ শিক্ষার্থী নতুন বই পেয়েছে। জেলায় বাংলা ভার্সনের মোট ২৫ লাখ ৩৩ হাজার ৩৩৪টি এবং ইংরেজি ভার্সনে ২৮ হাজার ৮৬০টি বই বিতরণ হয়েছে।

বরিশাল : বই উৎসব উপলক্ষে নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সকাল ১০ থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বই উৎসবে মেতে থাকেন। বই পাওয়া নগরের মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অনন্যা দেবনাথ বলে, ‘কী যে দারুণ গন্ধ নতুন বইয়ের। প্রতিবছর আমার বাবা আমার নতুন বইয়ে মলাট দিয়ে দেন।’ সকাল সাড়ে ১০টায় এই বিদ্যালয়ে জেলা পর্যায়ের বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

বরিশাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, জেলার ১০ উপজেলার জন্য ১৪ লাখ ১১ হাজার ৯৩টি বই এসেছে। ৩৯ লাখ ৯৫ হাজার ৩৫টি বই ডিসেম্বরেই এসে পৌঁছায়।

রাজশাহী : সকালে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ শুরু হয়। বেলা ১১টার দিকে রাজশাহী কলেজিয়েট স্কুলে বই উৎসবের উদ্বোধন করা হয়। রাজশাহীর জেলা প্রশাসক এস এম আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

জেলা প্রশাসক জানান, জেলায় নতুন বছরে প্রাথমিক পর্যায়ে তিন লাখ পাঁচ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী রয়েছে।