লরির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেলবাহী একটি লরির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে সোহেল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরশহরের মেড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল সদর উপজেলার ঘাটুরা এলাকার মৃত এলাহী খন্দকারের ছেলে। তিনি ওই লরিটির চালকের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করতেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির পরিদর্শক আতিকুর রহমান জানান, বুধবার সকালে এস. রহমান ফিলিং স্টেশনের একটি জ্বালানি তেলবাহী লরির ট্যাঙ্কের ভেতরে ঢুকে পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোহেলের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মির্জা সাঈদ জানান, সদর হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে থাকা জ্বালানি তেলের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে মৃতদেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।