জীবনের শ্রেষ্ঠ ছবি বানাচ্ছেন আমির খান

ভক্ত ও অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আমির খান। সঙ্গে জানালেন চলতি বছরে আসবে তার জীবনের সেরা সিনেমাটি। সেই কথা শপথ করেই বললেন।

লগান, সারফারোশ, থ্রি ইডিয়ট, গজনি, তারে জমিন পার, পিকে- এ রকম একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় দেখিয়েছেন তিনি। সেই সব ছবির চিত্রনাট্য, চরিত্র, অভিনয় নিপুণতা তার ট্রেডমার্ক তৈরি করেছে। কিন্তু ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির নিজে তা মনে করেন না। জীবনের সেরা ছবি তিনি এখনো করে উঠতে পারেননি বলেই ভাবেন।

আমির বলেন, “নতুন বছরে আমার শপথ এবার আমি আমার ক্যারিয়ারের সেরা ছবিটা বানাব। এ ছাড়া আমি একটা জিনিস করতে চাই সেটা হলো, কাজ করতে গিয়ে গত বছরে যা-যা ভুল করেছি, নতুন বছরে সেই ভুলের থেকে শিক্ষা নেব। নতুন নতুন কিছু জানব, শুনব। আর আমার মা-সন্তান-স্ত্রীকে আগের থেকে অনেক বেশি করে সময় দেব।”

অবশ্য নিন্দুকেরা বলছেন, আমির এর আগে যত ভালোই ছবি করুন না কেন, সাম্প্রতিক ‘থাগস অব হিন্দুস্তান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সে কারণেই বোধ হয় চাইছেন আবার একটা ব্লকবাস্টার হিট দিয়ে নিজেকে ফিরিয়ে আনতে। তাই তার শ্রেষ্ঠ ছবি করার এমন চিন্তাভাবনা।

আরও বলছেন, এই ব্যর্থতা আমিরকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে তাকে চমকপ্রদ কথা না বললে দর্শকদের ফিরিয়ে আনাই কঠিন ব্যাপার। তাই নতুন করে ‘জীবনের শ্রেষ্ঠ ছবি’ বানাতে চলেছি এই চমক দিতে চাইছেন।

এ দিকে, টেলিভিশনের জন্য প্রথমবার প্রযোজনায় হাত দিয়েছেন আমির। তিনি ও স্ত্রী কিরণ রাও নির্মাণ করেছেন ফিচার ফিল্ম ‘রুবারু রোশনি’। যার প্রিমিয়ার হবে ২৬ জানুয়ারি ভারতীয় সময় সকাল ১১টায়।

‘থাগস অব হিন্দুস্তান’-এর পর আমির এখনো নতুন সিনেমার ঘোষণা দেননি। তবে শোনা যাচ্ছে, উচ্চাভিলাষী সিনেমা সিরিজ ‘মহাভারত’ সাত পর্বে ওয়েব কনটেন্ট হিসেবে তৈরি হবে।