একাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অপরাধে ফরিদপুর-৪ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর নির্দেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ৮৪টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহ।
বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কাজী জাফরউল্লাহ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের পরে বিজয়ী প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশে তার কর্মী সমর্থকেরা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ৮৪টি বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করেছেন। ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাস) উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনো স্বতন্ত্র প্রার্থী ও তার গুন্ডা বাহিনীর আক্রমণে নিরাপত্তাহীনতায় রয়েছে।
এ সময় তিনি উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ভাঙ্গা নির্বাচনী জনসভায় নৌকা ভোট দেওয়ার আহ্বান জানান। এই অঞ্চলের মানুষ নেত্রীর কথায় নৌকায় ভোট দিয়েছিল। এখন এই ভোট দেওয়াটাই পাপ হয়ে দাঁড়িয়েছে। তিনি হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, চরভদ্রাসন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাউসার প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ৪৯ ৪৯ হাজার ৯৪৫ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহকে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন।