নবীনে মুখর জবি ক্যাম্পাস

শীতকালীন ছুটি শেষে ক্যাম্পাসে ফিরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এর সঙ্গে যুক্ত হয়েছেন একঝাঁক নবীন; যারা প্রথমবারের মতো শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ে পদচারণা করলেন। উচ্চশিক্ষার নতুন অধ্যায় শুরু করে উচ্ছ্বসিত তারা।

ক্যাম্পাসের নতুন পরিবেশে কেমন লাগছেÑ জানতে চাইলে প্রথম বর্ষের ছাত্রী ফারজানা খানম দেশ রূপান্তরকে বলেন, ‘আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি; এই কথাটির মাঝে কী এক আবেগ, ভালোবাসা ও গর্ব জড়িয়ে আছে তা ভাষায় বোঝানো সম্ভব নয়। এখানে আসতে পেরে আমি অনেক আনন্দিত। অনেক নতুন বন্ধু পেয়েছি, অনেকের সঙ্গে পরিচিত হচ্ছি। শিক্ষক ও ভাইয়া-আপুরা অনেক আন্তরিক।’ ইফতেখার নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ব। সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরে আমি অনেক আনন্দিত। বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক গল্প শুনেছি, আমিও তার অংশ হতে পেরে অনেক ভালো লাগছে।’

গত মঙ্গলবার জবির বিভিন্ন বিভাগে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। এর আগে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।