প্রেম ভালোবাসা নিয়ে মাথা ঘামাতে চাই না

এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেতা ফারহান আহমেদ জোভান। ছোট পর্দা নিয়েই তার ব্যস্ততা।কাজ করছেন আসছে ভালোবাসা দিবসের একাধিক নাটকে। বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি

 

যা করছি ...

আমি সারা মাস শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকি। আজকেও শ্যুটিং করছি, একটি খ-নাটকের। এর নাম ‘সিঙ্গেলই মঙ্গল’। রিফাত আদনান পরিচালিত এই নাটকে আমার বিপরীতে আছেন নতুন দুজন শিল্পী পাপিয়া ও নীল। এই নাটকটি মূলত বন্ধুত্বের জয়গান করবে। অনেকে ভেবে থাকেন দুটি ছেলে ও মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। তারা যতই বন্ধু বন্ধু বলে মুখের ফেনা তুলুক না কেন, আসলে গোপনে প্রেমের সম্পর্কই তাদের মধ্যে আসল। এ বিষয়টি যে সব সময় ঠিক নয়, তা দেখানো হবে এই নাটকে।

নতুনদের সঙ্গে কাজ ...

অভিনয়ের প্রতি ভালোবাসা ও মেধা আছে, এমন সব নতুন শিল্পীর সঙ্গে আমি সব সময় কাজ করতে পছন্দ করি। কারণ আমাদের পরে আর কোনো নতুন প্রজন্ম তৈরি হয়নি। অনেকেই আসছে কিন্তু টিকে থাকতে পারছে না। যদি আমরা তাদের সঙ্গে কাজ না করি, তবে তারা নিজেদের মেধা প্রদর্শনের সুযোগই পাবে না। এই দায়িত্ববোধ থেকেই আমি নতুনদের সঙ্গে কাজ করি।

নতুন বছরের পরিকল্পনা ...

গত বছর পুরোটাই কাজের মধ্যে ছিলাম। এ বছরও যেন সেভাবে কাটে তা প্রত্যাশা করি। ভালোমানের কিছু ব্যতিক্রমী চরিত্রে নিজেকে প্রমাণ করতে চাই। আর ব্যক্তিগতভাবে আমার পরিকল্পনা আছে জিমে ভর্তি হওয়ার। শরীরটাকে আরও ফিট করতে চাই।

প্রেম-ভালোবাসা ...

আমি আজকে যে নাটক করছি, সেই নাটকের শিরোনামের সঙ্গে সুর মিলিয়েই বলতে চাই ‘সিঙ্গেলই মঙ্গল’। কারণ প্রেমের সম্পর্ক অনেক সময় কাজকে একটু হলেও দূরে সরিয়ে দেয়। মনোযোগে বিঘœ ঘটায়। তাই সব সহশিল্পীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে চাই। এতে কাজের ভালো পরিবেশ তৈরি হয়। আপাতত প্রেম-ভালোবাসা নিয়ে মাথা ঘামাতে চাই না। আর বিয়ে নিয়ে এখন কোনোই চিন্তা নেই। পাঁচ-সাত বছরের আগে বিয়ে করার পরিকল্পনাও নেই।

ওয়েব সিরিজ ...

বর্তমানে ইন্টারনেট সবার হাতের মুঠোয় চলে আসায় টিভি নাটকের পাশাপাশি দর্শক ওয়েবেও অনেক কনটেন্ট দেখতে চায়। তাই ওয়েব সিরিজটা হতে যাচ্ছে ভবিষ্যতের একটি জনপ্রিয় বিনোদনমাধ্যম। আমি এরই মধ্যে ‘বাঘবন্দি’, ‘অ্যাডমিশন টেস্ট’ ও ‘মেমোরি’ নামে তিনটি ওয়েব সিরিজ করেছি। অভিষ্যতেও ভালো গল্প পেলে করব।