টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ যাত্রী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গায় এই দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক সার্জেন্ট প্রণব কুমার সরকার জানান, সকালে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী মারা যান। আহত হন আরো ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে জেলা ট্রাফিক ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।