গাপটিল-নিশামে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

মার্টিন গাপটিল সেঞ্চুরি করলেন। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে ফিফটি। জেমস নিশাম ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তুললেন ঝড়। সব মিলে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড। যা তাড়া করতে নেমে কুশল পেরেরার সেঞ্চুরির পরও অন্যদের ব্যর্থতায় স্বাগতিকদের রান ছোঁয়া হলো না লঙ্কানদের।

বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৪৫ রানে হেরেছে শ্রীলঙ্কা। মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৭১ রান করে নিউজিল্যান্ড। জবাবে এক ওভার বাকি থাকতেই ৩২৬ রানে থামে শ্রীলঙ্কা।

ইনজুরি থেকে ফিরে কিউই ওপেনার গাপটিল এদিন ১৩৯ বলে ১৩৮ রান করেন। ১১টি চারের সঙ্গে ডানহাতি এই ব্যাটার হাঁকান ৫টি ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারে ১৪তম শতক পেয়েছেন এই তারকা। নবম দ্রুততম ক্রিকেটার হিসেবে পূরণ করেছেন ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক।

এদিকে নিশামের ফের নিউজিল্যান্ড দলে ফেরাটা হলো দারুণ। মাত্র ১৩ বলে অপরাজিত ৪৭ রান করেন তিনি। ৪৯তম ওভারে মেরেছেন ৫ ছক্কা। থিসারা পেরেরার ওই ওভারে আসে মোট ৩৪ রান।

উইলিয়ামসন ৭৪ বলে ৬ চারে করেছেন ৭৬ রান। রস টেলর ৩৭ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন ৫৪ রান। নিউজিল্যান্ডের ইনিংসে মোট ছক্কা হয়েছে ১৪টি। শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদিপ ও থিসারা পেরেরা।

জবাবে দুই লঙ্কান ওপেনার নিরোশান ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকা দারুণ শুরু এনে দেন শ্রীলঙ্কাকে। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১১৯ রান। গুনাথিলাকাকে ফিরিয়ে জুটি ভাঙেন জেমস নিশাম। ৬২ বলে ৩ চারে ৪৩ রান করেন তিনি। ডিকভেলা ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করেন। তাকে বোল্ড করে ফেরান নিশাম।

এরপর একা দলকে টেনেছেন কুশল পেরেরা। তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। স্রোতের বিপরীতে খেলে ৮৬ বলে সেঞ্চুরি করেছেন পেরেরা। ১৩ চারের সঙ্গে হাঁকিয়েছেন ১টি ছক্কা। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে কিউই বোলারদের অষ্টম শিকার হয়ে ফেরেন তিনি।

নিউজিল্যান্ডের পক্ষে নিশাম সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন ও ইস সোধি। ম্যাচ সেরা হয়েছেন মার্টিন গাপটিল।

শনিবার একই ভেন্যুতে দুই দল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে।