বুবলীই ‘বীর’ এর নায়িকা

আগামী ১২ জানুয়ারি নতুন বছরে প্রথম শ্যুটিং করবেন সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। তার সঙ্গে বরাবরের মতোই থাকবেন সুপারস্টার শাকিব খান। ছবির নাম ‘বীর’। যেটা ৫০তম চলচ্চিত্র হিসেবে পরিচালনা করছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ। গত বছরের শেষ সপ্তাহে জানানো হয়েছিল, চমক আকারে জানানো হবে নায়িকার নাম। অনেকেই ধরে নিয়েছিল, হয়তো বাইরের কোনো নায়িকা আসছেন এতে। তবে তা হলো না। শাকিব আস্থা রাখছেন বুবলীর ওপরই। সঙ্গে অপর নায়িকা হিসেবে থাকছেন নবাগত তামান্না ইসরাত সোহানী। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও তার বন্ধু মোহাম্মদ ইকবাল। বুবলীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা ছবিটি ঘিরে নানা চমক রেখেছি। আস্তে আস্তে এগুলো আসবে। আগামী ১২ জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। এরপর ১৭ তারিখে আমরা রাঙ্গামাটি যাব।’ এ ছবিতে শাকিবকে গায়ক হিসেবেও পাওয়া যাবে। পুঁথি পাঠের আদলে গাইবেন তিনি। ‘বীর’ শাকিব-বুবলীর নবম ছবি।

ঢাকাই সিনেমার আলোচিত মুখ শবনম বুবলী। সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার গড়া বুবলী সরাসরি সিনেমায় প্রবেশ করেন ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মধ্য দিয়ে। শুরুটা বেশ জমকালোই হয় তার। ক্যারিয়ারের প্রথম ছবিতেই শাকিবের বিপরীতে কাজ করার সুবাদে প্রথম ছবিতেই বাজিমাৎ করেন তিনি। তারপর থেকে আর পেছনে তাকাতে হয়নি তাকে। শাকিবের সঙ্গে একের পর এক ছবি করায় শক্ত একটা জুটি গড়ে ওঠে তাদের মধ্যে। এমনকি শাকিব ছাড়া অন্য কোনো সিনেমাতে কাজ না করায় দশর্করা প্রায় ধরেই নিয়েছেন, বুবলীর ছবি মানেই নায়ক শাকিব খান। ‘বীর’-এর নায়িকা নির্বাচিত হওয়ায় আবারও সেই ধারণা সত্য হলো।