চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল বারেক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মুক্তারপুর গ্রামের নলডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।
নিহত বারেক দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের মিশনপাড়ার মৃত আব্দুল গনির ছেলে।
আব্দুল বারেক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস।
তিনি জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে গতরাতে পুলিশ বারেককে আটক করে। তাকে থানায় নিয়ে আসার পথে মুক্তারপুর গ্রামের কাছে পৌঁছালে মুক্তারপুরে ভুট্টাখেতে আগে থেকে ওৎপেতে থাকা বারেকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল বারেক আহত হন। এসময় চার পুলিশ সদস্যও সামান্য আহত হন।
আহত আব্দুল বারেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুটি রাম দা, এক বস্তা ফেনসিডিল ও তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে।
বারেকের বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে বলেও জানান ওসি সুকুমার।