পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৪

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তিনি সদর উপজেলার হুলারহাটের বানেশ্বরপুর এলাকার আবুল কালাম খানের মেয়ে। 

আহতরা হলেন— একই এলাকার মোজাম্মেল মল্লিকের স্ত্রী হাওয়া বেগম (৪৫), কদমতলা ইউনিয়নের আব্দুল জব্বার হাওলাদারের মেয়ে লামিয়া (১৯), ঝনঝনিয়া এলাকার সোহরাব সিকদারের ছেলে রাসেল (৩০) এবং রিয়ান নামে আরও একজন। তবে রিয়ানের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঘটনাসূত্রে জানা যায়, মারিয়া আক্তার ও তার মা নানা বাড়ি তেজদাসকাঠী থেকে একটি ইজিবাইকে করে নিজ বাড়ি হুলারহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার খলিশাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৪৮৬) সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অতনু হালদার জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) তাপস মণ্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যাত্রীবাহী বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসটির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত