‘কয়েক বছরের’ জন্য সরকার অচলের হুমকি ট্রাম্পের

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য পর্যাপ্ত অর্থ না পেলে কয়েক বছরের জন্য সরকার অচল করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার পর ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি সবাইকে নিজের পরিকল্পনার কথা বলে দিয়েছেন।

‘অবশ্যই আমি এটা বলেছি,’ হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের এভাবে তিনি নিজের অনড় অবস্থার কথা তুলে ধরেন, ‘আমি মনে করি না এটা হবে। কিন্তু আমি প্রস্তুত।’

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫০০ কোটি ডলার চেয়েছেন ট্রাম্প। এই বড় অংকের বিলটি সিনেটে পাস করার চেষ্টা করছেন তিনি। এ বিষয়ে ২১ ডিসেম্বর মধ্যরাতে সিনেটে বিলটি পর্যাপ্ত ভোট না পেয়ে প্রত্যাখ্যাত হয়। এরপরই ‘ক্ষিপ্ত’ ট্রাম্প বাজেট বিলে সই করতে অস্বীকৃতি জানালে সরকারি সেবা বন্ধ হয়ে যায়।

সরকারে অচলাবস্থার কারণে দেশটির ১৫টি সরকারি বিভাগের নয়টিই বন্ধ রয়েছে। জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবহন ও বিচার বিভাগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। নাগরিকরা এসব মন্ত্রণালয়ের অধীনে কোনো সেবা গ্রহণ করতে পারছেন না। এভাবে ১৪ দিন সব বন্ধ রয়েছে।

ট্রাম্প আশা করছেন, সিনেট তার দাবি মেনে নিয়ে বিলটি পাস করবে। আর তাহলে তিনি এই অচলাবস্থা শেষ করবেন, ‘আশা করি এভাবে বেশি দিন চলবে না। খুব দ্রুতই খুলে দেওয়া হবে। আমাদের ভেতর দারুণ ফলপ্রসূ আলোচনা হয়েছে।’