জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ৫ দেশ নির্বাচিত, বাদ পড়ল জার্মানি

আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:০১ পিএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে তাদের এই মেয়াদ শুরু হবে। গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে দেশগুলো নির্বাচিত হয়।

নিরাপত্তা পরিষদের সদস্যপদের জন্য জার্মানি জোর লবিং করলেও শেষ পর্যন্ত তারা বাদ পড়েছে। ‘পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশ’ নামক গ্রুপটির জন্য নির্ধারিত দুটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে জার্মানি ১০৪টি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে চলে যায়। অন্যদিকে, বিজয়ী পর্তুগাল ১৩৪ ভোট এবং অস্ট্রিয়া ১৩১ ভোট পেয়ে সদস্যপদ নিশ্চিত করেছে।

এদিকে ‘এশিয়া-প্যাসিফিক গ্রুপ’-এর একটি আসনের জন্য ফিলিপাইন ও কিরগিজস্তানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। চার দফা ভোটগ্রহণের পর প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিরগিজস্তান। তারা ১৪২-৪৯ ভোটের ব্যবধানে ফিলিপাইনকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের আসনটি লুফে নেয়।

জাতিসংঘের ১৫ সদস্যের এই নিরাপত্তা পরিষদই একমাত্র সংস্থা যা যেকোনো আইনি বাধ্যবাধকতামূলক সিদ্ধান্ত গ্রহণ, নিষেধাজ্ঞা আরোপ এবং শক্তি প্রয়োগের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে। এর মধ্যে স্থায়ী ও ভেটো ক্ষমতার অধিকারী ৫টি দেশ হলো- ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

বাকি ১০টি আসন অস্থায়ী সদস্যদের জন্য বরাদ্দ থাকে, যেখানে প্রতি বছর ৫টি করে নতুন দেশ দুই বছরের জন্য নির্বাচিত হয়। চলতি বছরের নির্বাচনে আফ্রিকা গ্রুপ থেকে একটি, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় গ্রুপ থেকে একটি, এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে একটি এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য গ্রুপ থেকে দুটি আসন ছিল।

আগামী বছরগুলোতে অঞ্চলভেদে দেশগুলোর স্থলাভিষিক্ত হওয়ার প্রক্রিয়ায়- সোমালিয়ার জায়গায় জিম্বাবুয়ে, পানামার জায়গায় ত্রিনিদাদ ও টোবাগো, ডেনমার্ক ও গ্রিসের জায়গায় পর্তুগাল ও অস্ট্রিয়া এবং পাকিস্তানের জায়গায় কিরগিজস্তান দায়িত্ব গ্রহণ করবে।

এ ছাড়া বাহরাইন, কলম্বিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া ২০২৭ সালের শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে তাদের দায়িত্ব পালন করে যাবে।

এর আগে গত মঙ্গলবার, ১৯৩ সদস্যের এই সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী সেপ্টেম্বর মাস থেকে তাঁর এই মেয়াদ শুরু হবে।

সূত্র: রয়টার্স

×
সর্বশেষ সর্বাধিক পঠিত