টেকনাফ সৈকতে গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা ইয়াবা ব্যবসায়ী হতে পারে বলে পুলিশের ধারণা।

শনিবার সকলে টেকনাফের বাহারছড়ার মেরিনড্রাইভ সংলগ্ন রাজারছড়া সমুদ্র সৈকত থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সকালে রাজারছড়া এলাকার সৈকতে দুজনের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মৃতদেহ দুটি উদ্ধার করে।

এখনো তাদের পরিচয় পাওয়া না গেলেও নিহতরা ইয়াবা ব্যবসায়ী হতে পারে বলে জানান তিনি।

ইয়াবা ব্যবসার জের ধরে নিজেদের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।