বাণিজ্যমেলায় খাবারের মূল্যতালিকা না থাকলে স্টল বন্ধ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ফুডকোর্টে মূল্যতালিকা প্রদর্শন করা না হলে স্টল বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত ২৪ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভায় এ কথা বলেন।

কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে মেলায় আসা দর্শনার্থীরা পৃথক পথে প্রবেশ ও বের হবেন।  প্রবেশের আগে অবশ্যই মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। মেলা প্রাঙ্গণ ও তার আশপাশে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে সমগ্র মেলা এলাকা ও তার আশপাশ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। টিকিট কালোবাজারি ও ইভটিজিং রোধে থাকবে পুলিশের বিশেষ টিম। মেলার অভ্যন্তরে সুবিধাজনক স্থানে ৪টি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। মেলার অভ্যন্তরে থাকবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বাণিজ্য মেলায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কমিশনার বলেন, আমরা যথেষ্ট মজবুত ও সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা সেখানে মাসব্যাপী ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে কোন হকার ও ভিক্ষুক থাকবে না। অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। পুলিশ কন্ট্রোল রুমের পাশে স্থাপন করা হবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার।

মেলার নিরাপত্তা বিধানে ডিএমপি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। যার যার অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

উল্লেখ্য এবারের ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে ৯ জানুয়ারি ২০১৯ আর শেষ হবে ৮ ফেব্রুয়ারি ২০১৯।

মতবিনিময় সভায় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক (অর্থ) মোহাম্মদ আবদুর রউফ, গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাণিজ্য মেলার বিভিন্ন প্যাভিলিয়নের প্রতিনিধি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।