যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কমবয়সী নারী কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এমনিতেই আলোচিত আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, এর মধ্যে অনলাইনে নৃত্যরত ভিডিও ছেড়ে ফের আলোড়ন তুলেছেন তিনি।
সিএনএন জানায়, সম্প্রতি কংগ্রেসের এ ডেমোক্র্যাট প্রতিনিধির পুরোনো একটি নাচের ভাইরাল হয়ে পড়ে অনলাইনে। এটিকে ঘিরে তার সমালোচনায় মুখর এখন রিপাবলিকানরা। তাদেরকে জবাব দিতে ওয়াশিংটন ডিসির প্রতিনিধি পরিষদে নিজের কক্ষের সামনেই ফের নেচে আবার ভাইরাল হন ২৯ বছর বয়সী এ তরুণী।
তিনি বলেন, ‘নাচানাচি করা মেয়েরা খারাপ, রিপাবলিকানরা নাকি এরকমই মনে করে। তারা দেখুক এবার একজন কংগ্রেস সদস্যও নাচছে।’
বুধবার ওকাসিও কংগ্রেস সদস্য হিসেবে শপথ নেন। তার পরদিনই টুইটারে তার একটি পুরোনো নাচের ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এক বিল্ডিংয়ের ছাদে টি-শার্ট পড়া নাচটি তিনি করেছিলেন হাইস্কুলে পড়তেই।
মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওটি ছিল আট বছরের আগে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওর খণ্ডিতাংশ। বোস্টন ইউনিভার্সিটিতে পড়াকালীন অনেকের সঙ্গেই তিনি নেচেছিলেন। সেসময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের নাচানাচি জনপ্রিয় হয়ে উঠেছিল।
ওকাসিওর সমালোচনা করে দীর্ঘদিন পর তার সেই নাচের সেই ভিডিও প্রকাশ করা হয় টুইটারে। এ নাচের জন্য সমাজতান্ত্রিক ভাবাদর্শের ওকাসিওকে রীতিমতো ‘জড়বুদ্ধিসম্পন্ন’ বলেও ডাকা হয়েছে। যদিও ওকাসিওর পক্ষ নিয়ে এসব সমালোচনার জবাব দিয়েছেন অনেকে।
তবে সমালোচকদের খামোশ করে দিলেন ওকাসিও নিজের ক্যাপিটাল হিলে নিজের কক্ষের সামনে নেচে।
নির্বাচনে নামার আগ পর্যন্ত ওকাসিও -কর্টেজ কাজ করতেন ম্যানহাটনের এক পানশালায়। ডেমোক্রেটিক প্রাইমারিতে দশবারের হাউস প্রতিনিধি জো ক্রাউলিকে পরাজিত করে গত বছরের মাঝামাঝিতে আলোচনায় আসেন ওকাসিও। এর আগে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি।
নভেম্বরের শুরুতে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সেন্ট জনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্থনি পাপাসকে পরাজিত করেন তিনি। রাজনীতির প্রতি ওকাসিওর আগ্রহ এবং একাগ্রতা দেখে তাকে সমর্থন দিয়েছিলেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা।
নির্বাচনে জিতার পর নিউইয়র্ক শহরের এক রুমের ফ্ল্যাট ছেড়ে দিতে হয় তাকে। তার আগে ছেড়েছিলেন চাকরি। ফলে ওয়াশিংটন ডিসিতে এসে তিনি হয়ে পড়ে গিয়েছিলেন থাকার জন্য স্থান সংকটে। আন্তর্জাতিক সংবাদেও সেটি শিরোনাম হয় তখন।