অচলাবস্থা দীর্ঘায়িত করার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত করার হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রস্তাবিত বাজেট না দিলে অচলাবস্থা কয়েক মাস কিংবা বছর ধরে চলার হুমকি দিলেন তিনি।

গত শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলছি। আমরা কোনো খেলা খেলছি না। আমাদের যা করা দরকার, আমি তাই করব।’

শুক্রবার হোয়াইট হাউসে ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে অচলাবস্থা প্রসঙ্গে আলোচনা শেষে তিনি এমন বক্তব্য দেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের ২৫ শতাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শুক্রবার কিছু সরকারি কর্মচারীকে ম্যারিল্যান্ডে বিক্ষোভ করতে দেখা যায়।

বক্তব্যে ট্রাম্প আরো বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় সীমান্ত অনেক বেশি বিপজ্জনক ও ভয়ঙ্কর দুর্যোগের। ওই সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী, মাদক চোরাচালান এবং মানবপাচারের মতো ঘটনা ঘটে। আমাদের দেয়াল নির্মাণ করতে হবে। কংগ্রেসকে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার অনুমোদন করতে হবে যাতে আমরা স্টিল অথবা কংক্রিটের দেয়াল নির্মাণ করতে পারি।’

দেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে বলেও শুক্রবারের সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র-মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী ঠেকাতে এই জরুরি অবস্থা জারি করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এ সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন ট্রাম্প নিজেই দেয়াল নির্মাণ করার ক্ষমতা রাখেন কি না। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ আমার আছে। আমি চাইলে এমন করতে পারি। আমরা দেশে জরুরি অবস্থা জারি করে খুব সহজেই দেয়াল নির্মাণ করতে পারি।’ হোয়াইট হাউস এবং হোমল্যান্ড সিকিউরিটি ও পেন্টাগন ট্রাম্পের নির্বাহী ক্ষমতা প্রয়োগের ব্যাপারে আলোচনা করছেন।

হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট ব্যবহার করে দেয়াল নির্মাণের বিষয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট। এ ছাড়া আরও কিছু উপায় খুঁজে দেখা হচ্ছে।

এ সময় তিনি দাবি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক কয়েকজন প্রেসিডেন্ট তাকে দেয়াল নির্মাণের পরামর্শ দিয়েছেন। তার আগের কোনো পূর্বসূরি এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেননি বলেও জানান ট্রাম্প।

এ বিষয়ে ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার বলেন, ট্রাম্পের সঙ্গে আলোচনায় ডেমোক্র্যাটরা ফেডারেল সরকারের বন্ধ হয়ে থাকা প্রতিষ্ঠান খুলতে আহ্বান জানায়। যদিও ডেমোক্র্যাটদের এমন আহ্বানে সাড়া না দিয়ে ট্রাম্প অচলাবস্থা দীর্ঘমেয়াদি করার হুমকি দিয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দুই পক্ষের মধ্যকার সমস্যা নিরসনে মধ্যস্থতা করার চেষ্টা করছেন। পেন্স বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু অচলাবস্থা নিরসন করা নয়, পাশাপাশি একটি সমাধান বের করা, যাতে আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সমস্যার সমাধান হয়। আমাদের সীমান্ত সুরক্ষা এবং দেয়াল নির্মাণ নিশ্চিত করতে হবে।’ সূত্র : এএফপি