কোনো কিছুই পরিকল্পনা করে করি না

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক। ব্যস্ত আছেন খ-নাটক ও ধারাবাহিকের শ্যুটিং নিয়ে। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে শিক্ষকতা করছেন। এ বছরই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

যা করছি ...

এ মুহূর্তে একটি খ-নাটকে অভিনয় করছি। এর নাম ‘একদিন ভালোবাসা হবে’। নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। তিনি কতটা গুছিয়ে কাজ করেন বলার অপেক্ষা রাখে না। তবে তার নির্মাণে প্রতিটি জিনিস রুচিশীল ও পরিচ্ছন্ন এটি সবচেয়ে ভালো লাগে। এই নাটকে আমার সহশিল্পী তাহমিনা অথৈ। মিডিয়ায় বলতে গেলে তিনি নতুন। তবে কো-আর্টিস্ট নতুন বা পুরনো, তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এটি নির্মাতা নির্বাচন করে থাকেন। আমি নিজেও একসময় নতুন ছিলাম। তখন হয়তো এখনকার মতো স্বাভাবিক অভিনয় করতাম না। কাজ করতে করতে অনেক কিছু শিখেছি। যারা নতুন আসছে তারাও এক দিন ভালো করবে।

একটি মাত্র ধারাবাহিক ...

যেহেতু আমি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, তাই অভিনয় ও শিক্ষকতা ব্যালেন্স করে চলতে হয়। এ জন্য ধারাবাহিক নাটকে খুব একটা কাজ করতে পারি না। তবে সম্প্রতি একটি ধারাবাহিকের সঙ্গে যুক্ত হয়েছি। আতিক জামান পরিচালিত এই ধারাবাহিকের নাম ‘ইচ্ছেডানা’। বর্তমানে তিনটি চ্যানেলে একসঙ্গে প্রচার হচ্ছে। এখানে আমার চরিত্রটি বেশ মজার। শহর থেকে আমি গ্রামে যাই। সেখানকার একটি বালিকা ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করি। এ নিয়ে অনেক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় আমাকে।

বড় পর্দায় অভিষেক ...

গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবির কাজ শেষ করেছি। শুনেছি সম্প্রতি ছবিটি সেন্সরে জমা পড়েছে। এর নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় বছরখানেক আগেই। সব ঠিক থাকলে অল্পদিনের মধ্যে সিনেমাটি দেখতে পাবেন দর্শক। বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই সিনেমায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার শ্যাম সুন্দর দের পাশাপাশি ছবিয়ালও প্রযোজকের দায়িত্বে রয়েছে। এতে আমি একজন সন্ত্রাসী চরিত্রে অভিনয় করেছি। আরও আছেন অস্কার মনোনীত ‘ওমর’ সিনেমার অভিনেতা ইয়াদ হুরানী, কলকাতার পরমব্রত ও বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ জাকের, ইফতেখার দিনার, গাউসুল আজম শাওন প্রমুখ।

প্রেম-ভালোবাসা-বিয়ে ...

ডনজের পছন্দের দুটি কাজ অভিনয় ও শিক্ষকতা নিয়ে আমি বেশ ভালো আছি। তাই এ মুহূর্তে প্রেম-ভালোবাসা নিয়ে চিন্তা করছি না। আর বিয়ে তো আরও দূরের ব্যাপার। এ নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আসলে আমি পরিকল্পনা করে কিছু করতে পারি না।