শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

একাদশ জাতীয় সংসদ তথা বাংলাদেশের ইতিহাসে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

গতকাল শনিবার এক বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অভিনন্দন জানান এরশাদ।

অভিনন্দন বার্তায়  এরশাদ বলেন, ‘আপনার এই অসাধারণ কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। আপনার এই সম্মান বাংলাদেশের গণতন্ত্রকে সম্মানিত করেছে।’

এরশাদ আশা প্রকাশ করে বলেন, ‘আপনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা আরও বেগবান হবে। আমরা প্রধান বিরোধী দল হিসেবে বিগত সময়ের মতো এবারও দেশ ও জাতির কল্যাণে আপনাকে সহযোগিতা করে যাব।’

এ ছাড়া ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্বগ্রহণ করায় তাকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এরশাদ।

এরশাদ আশা প্রকাশ করেন, ‘ড. শিরীন শারমিন চৌধুরী বিগত আমলে যে অসাধারণ দক্ষতা এবং নিরপেক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করেছেন, তার ধারাবাহিকতা এবারও বহাল থাকবে।’

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। এই নির্বাচনে ২৫৯টি আসনে এককভাবে জয় লাভ করে আওয়ামী লীগ। গত ৩ জানুয়ারি শেখ হাসিনাসহ ২৮৯ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নেন। বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত সংসদ সদস্য এদিন শপথগ্রহণ থেকে বিরত থাকেন।