সুবর্ণচরে ধর্ষণ: ৭ আসামি রিমান্ডে

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে (৪০) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা রুহুল আমিনসহ সাতজন আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা চরজব্বর থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল আসামিদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। সবগুলো আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন।

রোববার দুপুরে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের বিচারক নবনীতা গুহ শুনানি শেষে সাতজন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ‘ঘটনার ইন্ধনদাতা’ রুহুল আমিন, প্রধান আসামি মো. সোহেল, বাদশা আলম ওরফে কুড়াইল্যা বাসু, মো. স্বপন, মো. বেচু, জসিম উদ্দিন ও হাসান আলী ওরফে বুলু।

চরজব্বর থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।