দাপুটে জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে শেষ ছয় সিরিজের পাঁচটিতেই জয় পেল দলটি।

কেপটাউনে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষ বলে ২৯৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দুই টেস্টের চার ইনিংসে এই প্রথম দুইশতাধিক রান তুলতে পারে দলটি।

দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো করেও দক্ষিণ আফ্রিকাকে বড় টার্গেট দিতে পারেনি পাকিস্তান। চতুর্থ দিন স্বাগতিকদের জয়ের জন্য দরকার পড়ে ৪১। রোববার টিউনিস ডি ব্রুইনের উইকেট হারিয়ে সেটি তুলে নেয় তারা।

এইডেন মারক্রাম ইনজুরিতে পড়ায় এদিন ওপেন করতে নামেন ব্রুইন। দিনের চতুর্থ ওভারে ব্যক্তিগত ৪ রানে মোহাম্মদ আব্বাসের বলে সাজঘরে ফেরেন তিনি।

দুই ওভার বাদে মোহাম্মদ আমিরের বল হাতে লাগলে আহত হওয়া হাশিম আমলা (২) ইনজুরিতে পড়ে উঠে যান। এরপর জয়ের পথে আর কোনো ‘ঝামেলা’ হয়নি দক্ষিণ আফ্রিকার। দশম ওভার নাগাদ এলগার (২৪) এবং দু প্লেসিস বাকি পথটুকু অনায়াসে পাড়ি দেন।

প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচেও দারুণ ছন্দে ছিল। পাকিস্তানকে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট করার পর নিজেরা ৪৩১ রানের বড় সংগ্রহ গড়ে। এই ইনিংসে ২২৬ বলে ১০৩ রান করেন ম্যাচসেরা প্লেসিস (৩)।

১১ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে।