বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। গতকাল রোববার বিকেলে মামুন বলেন, ‘চলচ্চিত্রকার জাকী ভাই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত, তবে অধিকতর সতর্কতার জন্য তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
হাসপাতালে জাকীর সঙ্গে আছেন তাঁর স্ত্রী শাহানা বেগম। সালাহউদ্দিন জাকীর পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছেন জাকী। এছাড়া হৃদরোগ জনিত সমস্যাও রয়েছে। এর আগে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। সম্প্রতি চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, নির্মাতা সাইদুল আনাম টুটুল ও আমজাদ হোসেনের মরদেহে শ্রদ্ধা জানাতে হুইল চেয়ারে করে শহীদ মিনারে এসেছিলেন জাকী। আনোয়ার হোসেন ও টুটুল ছিলেন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমার চিত্রগ্রাহক ও চিত্র সম্পাদক।
সৈয়দ সালাহউদ্দিন জাকী ‘ঘুড্ডি’ সিনেমা নির্মাণ করে খ্যাতি অর্জন করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া তিনি ‘লাল বেনারশী’ ও ‘আয়না বিবির পালা’ নামে দুটি পূর্ণ্যদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) কারিগরি বিভাগের পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।