হবিগঞ্জে দাবানলে পুড়েছে বনের ৩৮ হাজার গাছ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রঘুননন্দন রেঞ্জের জগদিশপুরে প্রায় ১৫ হেক্টর বনভূমির ৩৮ হাজার গাছ  আগুনে পুড়ে গেছে। বনরক্ষী ও উপকারভোগীরা দু’দিন চেষ্টা চালিয়ে রোববার আগুন নেভাতে সক্ষম হন।

বনে আগুন লাগার বিষয়টি শনিবার সকালে বনবিভাগ ও পার্শ্ববর্তী বস্তিবাসীর নজরে আসে। দুর্গমস্থানে ফায়ার ব্রিগেড যেতে না পারায় বস্তিবাসী ও বনবিভাগ অনেক চেষ্টায় রোববার সকালে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে জগদিশপুর এলাকার বন কর্মকর্তা শামসুজ্জামান ধারণা করছেন শত্রুতাবশত বা রাখালদের ফেলে যাওয়া সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

তিনি জানান, ২০১৬- ২০১৭ আর্থিক বছরে এই গাছগুলো সৃজন করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি হেক্টরে ১৫শ গাছ সৃজন করা হয়। সে অনুযায়ী ক্ষতিগ্রস্ত গাছের সংখ্যা সাড়ে ৩৭ হাজার গাছ।

উপকারভোগী ফরিদা বেগম জানান, সরকারের সহযোগিতায় বাগান পেয়ে আশা করেছিলাম  লাভবান হব। কিন্তু আগুনে সব আশা পুড়ে গেছে।

হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক আব্দুল আল মামুন জানান,  সরকারের অর্থায়নে ৯০ হেক্টর জায়গায় বিভিন্ন প্রজাতির দীর্ঘমেয়াদি বনায়ন সৃজন করা হয়। এগুলো সরকারি নির্দেশে ১২৫ জন উপকারভোগীদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়। এটি একটি সফল বাগান ছিল।

তিনি বলেন, আগুন নেভানোর জন্য পানির কোনো ব্যবস্থা না থাকা এবং খরা মৌসুম হওয়ায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। ফলে আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো বনে ছড়িয়ে পড়ে।