সোনার খনি ধসে আফগানিস্তানে ৩০ জন মারা গেছেন।
বিবিসি জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের জেলা কোহিস্তানের বাদাখশান প্রদেশে রোববার এই দুর্ঘটনা ঘটে।
গ্রামবাসীরা একটি নদীর পাশে ২২০ ফুট খুঁড়ে সোনার সন্ধান করছিলেন। হঠাৎ সেখানে ধস নামে।
আফগানিস্তানে প্রচুর খনিজ পদার্থ রয়েছে। কিন্তু সেগুলো সঠিক উপায়ে খুব একটা সংরক্ষণ করা হয় না। কয়েক দশক ধরে বিভিন্ন গ্রামের মানুষ সরকারি সাহায্য ছাড়া সোনা খুঁজে জীবিকা নির্বাহ করছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন।
কোহিস্তানের জেলা প্রধান রুস্তম রাঘি বিবিসিকে বলেন, ‘স্থানীয়রা খবর পেয়ে ১৩ জন কর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। শিশুসহ প্রায় ৩০ জন মারা গেছে।’
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র জানিয়েছে, নিহতদের পরিবারকে ৫৫ হাজার টাকা করে দেওয়া হবে।