এই দিনে

৭ জানুয়ারি

১৯৭২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত ঐতিহাসিক বাঙালি যোগেশচন্দ্র বাগল। তার জন্ম ১৯০৩ সালে বাংলাদেশের পিরোজপুরের কুমিরমারা গ্রামে। যোগেশচন্দ্র মূলত জাতীয় বিষয়ে লিখতেন। গবেষণার মাধ্যমে উপাদান ও উপকরণ সংগ্রহ করে তিনি উনিশ শতকের বঙ্গীয় ইতিহাসের পুনর্মূল্যায়ন ও বিশ্লেষণ করেছেন। পুরনো দলিলপত্র, নথি, প্রতিষ্ঠানের কার্যবিবরণী ও সাময়িক পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করে তিনি বহু মনীষী ও প্রতিষ্ঠানের পরিচয় উদ্ধার করেছেন। ইন্ডিয়ান হিস্টরিকাল রেকর্ডস কমিশন, বঙ্গীয় সাহিত্য পরিষৎ, রিজিওনাল রেকর্ডস কমিশন অব ওয়েস্টবেঙ্গল ইত্যাদি প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ছিল। যোগেশচন্দ্রের রচিত বাংলা গ্রন্থ ২১টি এবং ইংরেজি চারটি। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : জীবনীভিত্তিক ভারতের মুক্তিসন্ধানী, ঊনবিংশ শতাব্দীর বাংলা, প্রতিষ্ঠানভিত্তিক বাংলার নব্যসংস্কৃতি, বিদ্যাসাগর পরিচয়, কলকাতায় সংস্কৃতিকেন্দ্র; জাতীয় চেতনামূলক হিন্দুমেলার ইতিবৃত্ত, দ্য হিস্ট্রি অব দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, জাগৃতি ও জাতীয়তা ইত্যাদি। সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে অনন্যসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ যোগেশচন্দ্র বঙ্গীয় সাহিত্য পরিষদের রামপ্রাণ গুপ্ত পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরোজিনী বসু স্বর্ণপদক এবং অমৃতবাজার পত্রিকার শিশিরকুমার পুরস্কারে ভূষিত হন।